মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুট, গ্রেফতার ৪ জন কারাগারে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-২৬ ১৯:৪৩:৪৪
রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের মামলায় গ্রেফতার চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে গ্রেফতার ব্যক্তিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।
এর আগে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চারজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন শাহ আলী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আতোয়ার রহমান।
মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে একদল ব্যক্তি হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে শাহ আলী থানার আওতাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করে। প্রাচীর টপকে ঢোকার পর তারা সেখানে দায়িত্ব পালনরত দুই নিরাপত্তাকর্মী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখে বলে অভিযোগ করা হয়েছে।
পরে প্রধান ফটক ভেঙে একটি ভেকু দিয়ে প্রতিষ্ঠানের ভেতরে ঢোকে হামলাকারীরা। এ সময় ক্লিনিকের একাধিক স্থাপনা ও কক্ষে ভাঙচুর চালানো হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা একটি সেমিপাকা ঘর ভেঙে ফেলায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। পরিবার পরিকল্পনা সেবার আরেকটি ঘর ও আসবাবপত্রে প্রায় ৪ লাখ, ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত ভবন ও সরঞ্জামে প্রায় ২০ লাখ এবং রেজিস্ট্রেশন শাখায় ভাঙচুরে আরও প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের দরজা-জানালাও ভাঙচুর করা হয়। এতে আরও প্রায় ২ লাখ টাকার ক্ষতির কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
ভাঙচুরের পাশাপাশি প্রতিষ্ঠান থেকে ওষুধ ও বিভিন্ন সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ রয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, পাঁচটি স্থাপনা ভাঙচুর এবং বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় মোট প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। চলে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয় এবং প্রতিষ্ঠানে একটি দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় ৫০ বছর ধরে সরকারি চুক্তির ভিত্তিতে পাওয়া জমিতে প্রতিষ্ঠানটি প্রাথমিক স্বাস্থ্যসেবা, ইপিআই টিকাদান ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীদের অনেকে মাথায় লাল কাপড় ও মুখোশ পরে এসেছিল। দেশীয় অস্ত্র হাতে তারা নিরাপত্তাকর্মীদের নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা ও কক্ষে তাণ্ডব চালায়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় সরকারি ইপিআই টিকার সামগ্রী, টিকাদানের রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, ওষুধ ও ভ্যাকসিন, নগদ ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র নিয়ে যাওয়া হয়। তাদের হিসাবে, পুরো ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।
অন্যদিকে চার আসামিকে কারাগারে পাঠানোর আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অর্থের বিনিময়ে হামলায় অংশ নেওয়ার বিষয়ে তাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে বলেও আদালতকে জানানো হয়।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের নাম-ঠিকানা শাহ আলী থানার এলাকার বাসিন্দা হিসেবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। জামিনে মুক্তি পেলে তারা তদন্তে বিঘ্ন ঘটাতে বা আত্মগোপনে যেতে পারে—এমন আশঙ্কায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করা হয়।
পুলিশের রেকর্ড যাচাইয়ের বরাতে আদালতে জানানো হয়েছে, গ্রেপ্তার মো. জুয়েলের বিরুদ্ধে ২০২৩ সালে একটি মাদক মামলা রয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














