তথ্য প্রতিমন্ত্রী
সাহস থাকলে এখনই আসেন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-২৬ ২১:৩২:৩৩
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পেটে লাথি মেরে, মা-বোনদের বুক খালি করে, রক্তপাত করে আমাদের ভাই-বোনদের হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে। সেই হত্যার বিচারের আওতায় আসতে, ডিসেম্বর নয়, তাদের এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে হুংকার দিলে হবে না। আপনাদের জন্য বিচার রেডি আছে। সাহস থাকলে, বুকের পাটা থাকলে, এখনই আসেন ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের শফি মিয়ার বাজার মোড়ে জেলা বিএনপি আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা ফ্যাসিবাদ, নৈরাজ্য ও সন্ত্রাসের রাজনীতি করে, বাংলাদেশের মাটিতে তাদের কোনো ঠাঁই নেই। অতীতে তারা যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এখনো সেই অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।’
আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, তারা যখনই ক্ষমতায় এসেছে, লুটপাট করেছে। বাংলাদেশের উন্নয়ন করেনি। জামালপুরের উন্নয়ন করেনি, ময়মনসিংহের উন্নয়ন করেনি। তারা বাংলাদেশের কোথাও উন্নয়ন করেনি। ঢাকা শহরের কয়েকটি ব্রিজ আর ওভারপাস বানিয়ে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। জনগণের সেই অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা জনগণের টাকা। দেশের মানুষের টাকা। যারা জনগণের সম্পদ লুটপাট করেছে এবং দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের একদিন আইনের মুখোমুখি হতেই হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতদিন না তারা বিচারের আওতায় আসে, যতদিন না আদালতের কাছে আত্মসমর্পণ করে, ততদিন পর্যায়ক্রমে এই কর্মসূচি চলতেই থাকবে।
সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবুসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














