মিঠাপানির মাছ রপ্তানিতে জোর দেওয়ার আহ্বান মৎস্যমন্ত্রীর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-২৮ ২১:২১:৫০
দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি ও খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি মৎস্য খাতকে অন্যতম প্রধান বিদেশি মুদ্রা অর্জনের মাধ্যমে রূপান্তর করতে সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছ রপ্তানিতেও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে কমিটির সভাপতি খায়রুল কবির খোকন সভাপতিত্ব করেন। বৈঠকের শুরুতেই সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশ নেন। পরে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার জনবল, কাজের রূপরেখা ও সার্বিক পরিচিতি কমিটির সামনে তুলে ধরা হয়।
বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, জাতিকে শক্তিশালী, সবল ও রোগমুক্ত রাখতে এই মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের লক্ষ্য কেবল জনগণের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোই নয়, বরং মৎস্য ও প্রাণিসম্পদকে অন্যতম প্রধান রপ্তানি সামগ্রী হিসেবে গড়ে তোলা। তিনি আশা প্রকাশ করেন, সামুদ্রিক মাছের পাশাপাশি খুব দ্রুত মিঠাপানির মাছও বিপুল পরিমাণে রপ্তানি করা সম্ভব হবে। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
কমিটির সভাপতির খায়রুল কবির খোকন বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি ও খাদ্যের যোগান দিতে এই মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। দায়িত্ব পালনে সততা ও স্বচ্ছতার কোনো বিকল্প নেই। তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি সরেজমিনে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শনের অভিপ্রায় ব্যক্ত করেন। এছাড়া জনবল সংকট কাটাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশনা দেন তিনি।
বৈঠকে কমিটির সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম.এ. হান্নান, আলী আজম মো. আবু বকর এবং মো. আমির হামজা উপস্থিত ছিলেন। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, দপ্তরপ্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














