বিদেশে পড়তে ইচ্ছুক বাংলাদেশী শিক্ষার্থীদের সহায়তায় স্কিটো-আইডিপির যৌথ উদ্যোগ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৯-২৯ ১৫:৪০:৩৭
বাংলাদেশের তরুণদের জন্য আন্তর্জাতিক শিক্ষার পথকে আরও সুগম ও সাশ্রয়ী করতে আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সাথে পার্টনারশিপ করেছে তরুণদের জন্য গ্রামীণফোনের ডিজিটাল-ফার্স্ট ব্র্যান্ড স্কিটো।
এই পার্টনারশিপের আওতায় বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতিতে সহায়ক বিশেষ কিছু সুবিধা পাবেন স্কিটোর গ্রাহকরা; যার মধ্যে রয়েছে ফ্রি আইইএলটিএস মাস্টারক্লাস সেশন, আইডিপির ‘স্টাডি অ্যাব্রোড প্রিভিলেজ কার্ড’ এবং দেশব্যাপী যেকোনো আইডিপি অফিসে আইইএলটিএস নিবন্ধনে ১,০০০ টাকা ছাড়। এই সুবিধাগুলো সব স্কিটো ব্যবহারকারীর জন্য প্রযোজ্য।
গ্রামীণফোনের হেড অব স্কিটো মোহাম্মদ সালাহউদ্দীন কবীর এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর বি এম মাহবুবুল আলম রাজীব সম্প্রতি জিপিহাউজে এ বিষয়ক চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় গ্রামীণফোনের পক্ষ থেকে স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আক্তার; স্কিটোর হেড অব ব্র্যান্ড অ্যান্ড এনগেজমেন্ট নুজহাত জান্নাতুন নাঈম; স্কিটোর হেড অব প্রোডাক্ট অ্যান্ড অ্যানালিটিক্স মো. রেজাউল করিম ও স্কিটোর হেড অব সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস মোহাম্মদ শোয়েব আনসার এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার মমিনুর রহমান মঈন উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের হেড অব স্কিটো মোহাম্মদ সালাহউদ্দীন কবীর বলেন, এখন আরো বেশি উদ্যমী শিক্ষার্থী ও পেশাজীবীরা নতুন কিছু শিখতে, এগিয়ে যেতে এবং তাদের ভবিষ্যৎ গড়তে দেশের বাইরে যেতে আগ্রহী। স্কিটোতে আমরা আমাদের প্ল্যাটফর্ম ও পার্টনারশিপগুলো কাজে লাগিয়ে তাদের সেই স্বপ্ন পূরণকে আরও সহজ করতে চাই। আইডিপি এডুকেশন বাংলাদেশের সাথে স্কিটোর এই পার্টনারশিপের মাধ্যমে আমরা স্কিটো গ্রাহকদের কাছে এ সম্পর্কিত সুবিধাগুলো পৌঁছে দিচ্ছি, যাতে বিদেশে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপগুলো তাদের কাছে আরও সহজলভ্য ও সাশ্রয়ী হয়ে উঠে।
আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বি এম মাহবুবুল আলম রাজীব বলেন, আমরা বুঝি যে বিদেশে পড়াশোনা করা অনেক বাংলাদেশী শিক্ষার্থীর জন্য একটি বড় স্বপ্ন, আর সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতি সেই যাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। স্কিটোর সাথে এই পার্টনারশিপ আমাদের আরও বেশি সংখ্যক তরুণদের কাছে গুরুত্বপূর্ণ আইইএলটিএস প্রস্তুতির রিসোর্স ও সহায়তা পৌঁছে দেয়ার সুযোগ করে দেবে। আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে অধীর আগ্রহে অপেক্ষা করছি যেন তারা প্রয়োজনীয় রিসোর্সের সুযোগ কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের সাথে আন্তর্জাতিক শিক্ষার পথে এগিয়ে যেতে পারে।
এই ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু সংযোগ সেবার মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের তরুণদের পরিবর্তনশীল চাহিদা ও উচ্চাকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় সুযোগ ও সুবিধা প্রদান অব্যাহত রেখেছে স্কিটো।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














