মালয়েশিয়া পাচারের সময় ট্রলার থেকে ৬৫ জন উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-১০-০২ ১০:৫০:৪২
সেন্টমার্টিনের অদূরে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ঝুঁকিতে পড়া একটি ট্রলার থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নৌবাহিনী জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে নিয়মিত টহলের সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ একটি ট্রলারসহ মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক এবং ৬৫ জনকে উদ্ধার করে।
সেন্টমার্টিন লাইট হাউজ থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি ভাসমান কাঠের বোট দেখতে পায়। পরে সেটিকে সহায়তা করতে এগিয়ে গেলে ট্রলারে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নৌবাহিনীকে জানানো হয়।
পরে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহলরত বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি উদ্ধার করে। ট্রলারটিতে পানি প্রবেশ করায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উদ্ধার করা ৭৬ জনকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়। অপর ৬৫ জনকে মালয়েশিয়া গমনে প্রতারণার শিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নৌবাহিনী জানায়, উদ্ধার হওয়া ৬৫ জনের অধিকাংশকে মানব পাচারকারী চক্রের সদস্যরা টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ট্রলারে তোলা হয়। ট্রলারটি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনী আরও জানায়, ট্রলারের ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি প্রবেশ করায় সেখানে থাকা ব্যক্তিদের জীবন ঝুঁকিতে পড়েছিল। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার ফলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, মানব পাচার ও চোরাচালান দমন এবং সমুদ্রে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














