প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০১ ১৫:৩৩:১৮


পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি তাদের জমি, ভবনসহ স্থায়ী সম্পদের বর্তমান বাজারমূল্য নির্ধারণের জন্য  একটি স্বতন্ত্র মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২৬ তারিখের ভিত্তিতে কোম্পানির সম্পত্তি, স্থাপনা ও সরঞ্জাম পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় জমি ও ভবনসহ কোম্পানির স্থায়ী সম্পদের বর্তমান ন্যায্য বাজারমূল্য নির্ধারণ করা হবে।

এ কাজের জন্য এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী হিসেবে নিয়োগ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। আন্তর্জাতিক মূল্যায়ন মানদণ্ড, বাংলাদেশ হিসাব মান, বাংলাদেশ আর্থিক প্রতিবেদন মান এবং প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি সম্পদ মূল্যায়ন করবে।

পুনর্মূল্যায়নের পর কোম্পানির সম্পদের হিসাবি মূল্যে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে মূল্যায়নে সম্পদের বর্তমান ন্যায্য মূল্য আগের হিসাবি মূল্যের চেয়ে বেশি হলে পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত তৈরি হতে পারে। এর ফলে কোম্পানির নিট সম্পদ মূল্যেও পরিবর্তন আসার সুযোগ রয়েছে।

তবে পুনর্মূল্যায়নের ফলে ঠিক কত টাকার উদ্বৃত্ত তৈরি হবে বা নিট সম্পদ মূল্যে কতটা পরিবর্তন আসবে, তা এখনো জানা যায়নি।

কোম্পানি জানিয়েছে, স্বতন্ত্র মূল্যায়নকারীর প্রতিবেদন পাওয়ার পর পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত এবং নিট সম্পদ মূল্যের ওপর এর প্রভাব প্রকাশ করা হবে।

 

এসকেএস