আসছে ইউনিফাইড সফটওয়্যার
ব্রোকারেজ হাউজের অনিয়ম ঠেকাতে হবে রিয়েল-টাইম নজরদারি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-২৮ ১৮:৪১:৪৯
ব্রোকারেজ হাউজের অনিয়ম ঠেকাতে শক্তিশালী ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে একটি ইউনিফাইড ও সুরক্ষিত ব্যাক-অফিস সফটওয়্যার চালুর বিষয়ে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কনফারেন্স রুমে আয়োজিত আইপিএফের অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, পাঁচটি ব্রোকারেজ হাউজের ৪৫২ কোটি টাকার আর্থিক অসংগতিতে ১৭ হাজার ৯৬৭ জন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুঞ্জীভূত এ সমস্যা সমাধানে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, এ উদ্যোগ কোনো একক প্রতিষ্ঠানের কৃতিত্ব নয়। বিএসইসি, ডিএসই, ইনভেস্টরস প্রটেকশন ফান্ড (আইপিএফ) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শক্তিশালী ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, ডিএসইর সঙ্গে ইউনিফাইড ও সুরক্ষিত ব্যাক-অফিস সফটওয়্যার চালুর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এর মাধ্যমে ব্রোকারদের রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। পাশাপাশি প্রতিদিন ব্যাংক ও সিসি (ক্যাশ ক্রেডিট) অ্যাকাউন্টে থাকা অর্থসহ সম্পূর্ণ রিকনসিলিয়েশন পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
মাসুদ খান বলেন, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) নিয়েও আরও নজর দিতে হবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নিয়মিত নজরদারি ও ঘাটতি শনাক্ত করা গেলে ভবিষ্যতে এ ধরনের আর্থিক অনিয়ম প্রতিরোধ করা সহজ হবে।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, আপাতত ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পুরো অর্থ পরিশোধ করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্য বিনিয়োগকারীদেরও কাভার করা হবে। প্রায় ৯৬ শতাংশ বিনিয়োগকারীর ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকার নিচে।
তিনি বলেন, বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া আস্থাহীনতা পুঁজিবাজারে প্রভাব ফেলছে। বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














