আরও ছয় কোম্পানির গ্রাহকরা পাচ্ছেন ২৬ কোটি টাকার বীমা দাবি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৯-৩০ ২১:২৮:২১
দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বীমা দাবি পরিশোধে আবারও উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর ধারাবাহিকতায় আরও ছয়টি জীবন বীমা কোম্পানির গ্রাহকদের প্রায় ২৬ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করা হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে বকেয়া দাবির টাকা পাওয়ার অপেক্ষায় থাকা পলিসিধারীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা যাচ্ছে। আগামী ৪ অক্টোবর এসব কোম্পানি আইডিআরএ এর মাধ্যমে তাদের বীমা দাবি পরিশোধ করবে।
জানা গেছে, বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৩৪ গ্রাহককে ৫ লক্ষ ৮১ হাজার ৮৯২ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ১ হাজার ৩৮১ গ্রাহককে ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২ হাজার ৩৪৮ গ্রাহককে ৯ কোটি টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ২ হাজার ১৪০ গ্রাহককে ৬ কোটি ৭৮ লক্ষ টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১৬৫ গ্রাহককে ৩০ লক্ষ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১ হাজার ৫৭৩ গ্রাহককে ৫ কোটি ৩৫ লক্ষ টাকা বীমা দাবি পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে দুই দফায় ৮ হাজার ৪১৭ জন গ্রাহককে ৩৭ কোটি ৫৪ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ টাকা এবং পরবর্তী সময়ে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন গ্রাহককে ২৩ কোটি তিন লাখ টাকা পলিসিধারীদের পরিশোধ করা হয়।
আইডিআরএর তথ্যানুযায়ী, প্রথম দফায় সাত জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহককে মোট ১৪ কোটি ৫১ লাখ তিন হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বীমা দাবি পরিশোধ করা হয়। এর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্সের আট গ্রাহককে চার লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, ফারইস্ট ইসলামী লাইফের ৫২৮ গ্রাহককে পাঁচ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা, গোল্ডেন লাইফের চার গ্রাহককে দুই লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা, হোমল্যান্ড লাইফের ১৫ গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা, পদ্মা ইসলামী লাইফের ৬২৪ জন গ্রাহককে এক কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা, প্রগ্রেসিভ লাইফের ১,৩৫০ জন গ্রাহক ছয় কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা এবং সানফ্লাওয়ার লাইফের ২০ জন গ্রাহককে দেওয়া হয় পাঁচ লাখ ২১ হাজার ২৬৬ টাকা।
অন্যদিকে দ্বিতীয় দফায় ৫,৮৬৮ জন গ্রাহকের ২৩ কোটি তিন লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩ হাজার ৬০০ গ্রাহক ১২ কোটি টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১ হাজার ১৪৫ গ্রাহককে ৪ কোটি ৯৮ লাখ আট হাজার ৫১৪ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৫৮০ জন গ্রাহককে পাঁচ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩০০ গ্রাহক ৫৫ লাখ ৩০ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২৪৩ গ্রাহক ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকার বীমা দাবি পেয়েছেন।
বীমা খাতে দীর্ঘদিনের বকেয়া দাবি পরিশোধকে গ্রাহকের আস্থা পুনর্গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে দাবি পরিশোধের পাশাপাশি কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ব্যবস্থাপনায় স্থায়ী সংস্কার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে আবারও বকেয়া দাবি জমার আশঙ্কা রয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














