চাঁদপুরে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশের দাম, ঘাটে ক্রেতাদের ভিড়
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-১০-০৩ ১৫:০৫:০৫
আগামী ৮ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে নদী থেকে ইলিশের সরবরাহ বাড়ায় চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট, আমিরাবাদ ও বাবুর বাজার মৎস্য আড়তে জমে উঠেছে ইলিশের বেচাকেনা।
সরবরাহ বাড়ায় গত কয়েকদিনে ইলিশের দাম কেজিপ্রতি প্রায় ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে। ফলে নিষেধাজ্ঞার আগে ইলিশ কিনতে চাঁদপুরের মাছঘাটে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ক্রেতারা।
শনিবার (৩ অক্টোবর) সকাল থেকেই বড়স্টেশন মাছঘাটে জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। ছুটির দিন হওয়ায় ক্রেতাদের উপস্থিতিও ছিল বেশ ভালো। ইলিশের সরবরাহ, দরদাম ও কেনাবেচায় মুখর হয়ে ওঠে পুরো মাছঘাট।
ব্যবসায়ীরা জানান, কয়েকদিন ধরে ঘাটে ইলিশের সরবরাহ তুলনামূলক বেড়েছে। এতে দামও কিছুটা কমেছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা দরে। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা।
ইলিশ ব্যবসায়ী ফুলচান বর্মন বলেন, গত দুই দিন ইলিশের দাম আরও কিছুটা কম ছিল। তবে শুক্রবার সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় দামে কিছুটা ওঠানামা করেছে। নিষেধাজ্ঞার আগের দিনগুলোতে নদী থেকে ইলিশের সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।
আরেক ব্যবসায়ী জুয়েল মীর বলেন, নিষেধাজ্ঞা সামনে রেখে অনেকেই আগেভাগে ইলিশ কিনতে ঘাটে আসছেন। শেষ সময়ে নদীতে ইলিশ আহরণ ও সরবরাহ বাড়লে বেচাকেনা আরও জমে উঠবে বলে আশা করছেন তারা।
ঢাকা থেকে ইলিশ কিনতে আসা মোবারক হোসেন বলেন, চাঁদপুরের ইলিশ টাটকা এবং স্বাদেও আলাদা। এর আগে যখন এসেছিলেন, তখন এক কেজি ইলিশের দাম প্রায় ৩ হাজার টাকা ছিল। এখন দাম কিছুটা কমেছে। দাম আরও কমলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হবে।
তিনি বলেন, ঢাকার বাজারেও ইলিশ পাওয়া যায়। তবে চাঁদপুরের ইলিশের স্বাদ ও ঘ্রাণের কারণে এখান থেকে কিনতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেক ক্রেতা। নিষেধাজ্ঞার আগে তাই দূর-দূরান্ত থেকে অনেকে বড়স্টেশন মাছঘাটে আসছেন।
ব্যবসায়ীদের প্রত্যাশা, নিষেধাজ্ঞার আগে শেষ সময়ে নদীতে ইলিশ আহরণ ও ঘাটে সরবরাহ আরও বাড়বে। এতে ক্রেতাদের চাপের পাশাপাশি জমে উঠবে ইলিশের বেচাকেনা। সব মিলিয়ে নিষেধাজ্ঞার আগের শেষ সময়ে ইলিশের সরবরাহ ও কেনাবেচায় সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের মাছঘাটগুলো।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














