ঋণখেলাপি সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে ডিএসইকে টেকনো ড্রাগসের ব্যাখ্যা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৭ ১১:২০:১৬
‘টেকনো ড্রাগসের প্রধান কারখানা নিলামে, ২০৩ কোটি টাকার ঋণ খেলাপ’ শিরোনামে দৈনিক সমকালে ৫ অক্টোবর প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৬ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক চিঠির জবাবে এই ব্যাখ্যা দেয় টেকনো ড্রাগস লিমিটেড।
জবাবে টেকনো ড্রাগস জানায়, গাজীপুর ও নরসিংদীতে তাদের দুটি উৎপাদন কারখানা রয়েছে। কোম্পানির উৎপাদিত ওষুধের একটি বড় অংশ, বিশেষ করে জন্মনিয়ন্ত্রণ পণ্য, ঐতিহাসিকভাবে সরকারি দরপত্রের মাধ্যমে বিক্রি হয়ে থাকে।
কোম্পানির দাবি, আগের বছর সরকারি দরপত্রের মাধ্যমে বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকায় প্রত্যাশিত নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে নিয়মিত ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে সাময়িক বিলম্ব হয়। কিস্তি পরিশোধে বিলম্বের কারণে সংশ্লিষ্ট ব্যাংক একটি নোটিশ দেয়, যা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
টেকনো ড্রাগস জানিয়েছে, বিষয়টি সমাধানে ব্যাংকের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। ব্যাংকের সঙ্গে সমঝোতার মাধ্যমে চেকের মাধ্যমে ঋণ সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির দাবি, তাদের উভয় কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। সরকারি দরপত্রের কার্যক্রম আবার শুরু হলে আয় ও ব্যাংকিং কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছে তারা।
ডিএসই ও বিনিয়োগকারীদের আশ্বস্ত করে টেকনো ড্রাগস জানিয়েছে, সাময়িক ঋণসংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে ব্যবস্থাপনা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













