পুঁজিবাজার সম্প্রসারণে একগুচ্ছ উদ্যোগ বিএসইসির

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-১০-০৬ ১৯:২১:৫৩


পুঁজিবাজার সম্প্রসারণে আইপিও অনুমোদনের সময় কমানো, ডাইরেক্ট লিস্টিং সহজ করা এবং করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসএসির কমিশনার নাফিজ আল তারিক, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম ও সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।

এছাড়া প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন, বিএসইসির নির্বাহী পরিচালক মো. শফিউল আজম, ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ইফতেখার আলম।
বিএসইসি চেয়ারম্যান বলেন, মার্জিন রুলস, আইপিও ও ডাইরেক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং জনমত নেওয়া হয়েছে। ডাইরেক্ট লিস্টিংয়ের আগের রেগুলেশনকে রুলে রূপ দেওয়া হয়েছে, কারণ এটি দেশের পুঁজিবাজারের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থার প্রসঙ্গে তিনি বলেন, বাজারের বড় সমস্যা হলো কম মার্কেট ক্যাপিটালাইজেশন। বাংলাদেশের মার্কেট ক্যাপিটালাইজেশন জিডিপির মাত্র ৬ শতাংশ। অন্যদিকে ভারতের মতো প্রতিবেশী বড় অর্থনীতিতে এ হার প্রায় ১৩০ শতাংশ।

মাসুদ খান বলেন, ভারতের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড শিল্পের বড় ভূমিকা রয়েছে। সেখানে মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার পরিমাণ ৮৭ লাখ কোটি টাকা এবং অংশগ্রহণকারী প্রায় ২৮ কোটি। বাংলাদেশেও মিউচুয়াল ফান্ডকে জনপ্রিয় করতে এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে খুচরা বিনিয়োগকারীর আধিপত্য বেশি। প্রায় ৯০ শতাংশ বিনিয়োগ খুচরা বিনিয়োগকারীদের। বাংলাদেশের পুঁজিবাজারকেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীনির্ভর হতে হবে।

বর্তমানে বাজারে কম লেনদেনের প্রভাব তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, লেনদেন কমে গেলে পুরো ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। ব্রোকার, ঢাকা স্টক এক্সচেঞ্জসহ (ডিএসই) বাজারসংশ্লিষ্ট সবাই লেনদেনের ওপর নির্ভরশীল। বাজার মূলধন বাড়লে লেনদেনের পরিমাণও বাড়বে এবং বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আয় বাড়বে।

তিনি বলেন, বাংলাদেশের ইক্যুইটি ট্রেডিং মার্কেট ক্যাপিটালাইজেশনের প্রায় শূন্য দশমিক ১৮ শতাংশ। পাকিস্তানে এ হার শূন্য দশমিক ১৯ শতাংশ হলেও তাদের দৈনিক লেনদেনের পরিমাণ প্রায় ৬ হাজার ৮০০ কোটি টাকা। ভারতে এ হার শূন্য দশমিক ২৬ শতাংশ, ভিয়েতনামে শূন্য দশমিক ৩১ শতাংশ এবং থাইল্যান্ডে শূন্য দশমিক ২৩ শতাংশ। তাই বাজার মূলধন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিন মাসে আইপিও অনুমোদনের লক্ষ্য

মাসুদ খান বলেন, পুঁজিবাজারে আইপিও ও ডাইরেক্ট লিস্টিং বাড়াতে হবে। অতীতে একটি আইপিও অনুমোদনে এক থেকে দেড় বছর সময় লাগত। এই প্রক্রিয়া পরিবর্তন করে তিন মাসের মধ্যে আইপিও অনুমোদনের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
আইপিও আবেদনের ক্ষেত্রে কাগজপত্রের পরিবর্তে কোম্পানির মৌলিক বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোম্পানির অতীত আর্থিক অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, ব্যবসায়িক মডেল ও সুনাম বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আইপিও আবেদনের বিপুল কাগজপত্র যাচাইয়ের দায়িত্ব অডিটরদের ওপর দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিএসই ও সিএসই এবং বিএসইসির মধ্যে যাচাইয়ের কাজেও পরিবর্তন আনা হবে। বিএসইসির প্রশ্নগুলো ডিএসই বা সিএসইর মাধ্যমে করার কথা জানান তিনি।

১ হাজার কোটি টাকার বেশি সম্পদ বা টার্নওভারে ডাইরেক্ট লিস্টিং

ডাইরেক্ট লিস্টিংয়ের নতুন কাঠামো আগের মতো হবে না বলে জানান বিএসইসি চেয়ারম্যান। নতুন মানদণ্ড অনুযায়ী সরকারি কোম্পানি, বহুজাতিক কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, ডিএসই, সিএসই, সিডিবিএল ও সিসিবিএল ডাইরেক্ট লিস্টিংয়ের আওতায় আসবে।

এ ছাড়া অন্যান্য কোম্পানির ক্ষেত্রে টার্নওভার অথবা মোট সম্পদের পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি হলে ডাইরেক্ট লিস্টিংয়ের জন্য যোগ্য বিবেচিত হবে। তবে যোগ্য হলেই তালিকাভুক্তি নিশ্চিত হবে না।

মাসুদ খান বলেন, অনেক বহুজাতিক ও বড় স্থানীয় কোম্পানি আইপিওতে আসতে চায় না। বহুজাতিক কোম্পানিগুলোর অর্থের প্রয়োজন কম থাকলেও স্থানীয় কোম্পানিগুলো কমপ্লায়েন্সের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তবে ডিজিটাইজেশনের কারণে ব্যবসার হিসাব আগের মতো গোপন রাখা সম্ভব হবে না।

করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

পুঁজিবাজারে ইক্যুইটির পাশাপাশি ফিক্সড ইনকাম বা বন্ড মার্কেটকে শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করপোরেট বন্ড মার্কেট বড় এবং সেখানে পেনশন ফান্ডসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ করে।

বাংলাদেশের ট্রাস্ট অ্যাক্ট পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের বিনিয়োগ কাঠামো পরিবর্তন করে শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগ বাড়ানোর কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ট্রাস্ট অ্যাক্টটাকে চেঞ্জ করব।’

মাসুদ খান জানান, করপোরেট বন্ড মার্কেট চালুর বিষয়ে বিএসইসি ও ডিএসই ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। একটি বড় টার্ম মেইন বোর্ডে তালিকাভুক্তির পর্যায়ে রয়েছে। সেটি মেইন বোর্ডে তালিকাভুক্ত হলে বন্ডের লেনদেন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া নতুন মিউচুয়াল ফান্ড রুলসের আওতায় মিউচুয়াল ফান্ডের করপোরেট বন্ডে বিনিয়োগের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান।

এএ