সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণের তাগিদ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-০৬ ২২:০৩:৪৭


সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যমান উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠকে এই তাগিদ দেওয়া হয়। কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রথমে কমিটির ১ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। এ সময় বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন, প্রকল্পের অগ্রগতি, অর্থ ছাড় ও ব্যয়ের হার এবং বাস্তবায়নে বিদ্যমান সমস্যাসমূহ সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভিন্ন জেলা পর্যায়ের কার্যালয় সম্প্রসারণ ও শক্তিশালীকরণ, আঞ্চলিক কার্যালয়গুলোর আধুনিকায়ন এবং শিল্প খাতের অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন বিভিন্ন সার কারখানার উৎপাদন, উৎপাদন সক্ষমতা, গৃহীত নতুন প্রকল্পসমূহ, বন্ধ সার কারখানাগুলো পুনরায় চালু, গ্যাস সরবরাহ, কারখানা পরিচালনায় বিদ্যমান সমস্যা এবং সার উৎপাদনের ব্যয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যমান উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাকে প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি, অর্থের যথাযথ ব্যবহার এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত দূর করার সুপারিশ করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাগুলোর প্রতিটি কলকারখানার বাৎসরিক আয়-ব্যয়, জনবলের শুন্য পদ এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতির একটি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়।

কমিটি শিল্পখাতে উৎপাদন বৃদ্ধি, সরকারি বিনিয়োগের সর্বোত্তম ব্যবহার, শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে চলমান প্রকল্পগুলোর কাঙ্ক্ষিত সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে। পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা এবং অসমাপ্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

লোকসানকৃত চিনি কলে উৎপাদিত চিনি ব্যতিত অন্যান্য দ্রব্য দিয়ে বায়ো প্রডাক্ট তৈরি করে কীভাবে চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়, সে বিষয়ে একটি প্রতিবেদন এবং মন্ত্রণালয়ের অধীন কোন প্রতিষ্ঠানের কোন পদে কতটি শূন্য পদ রয়েছে, কতটি পদের জন্য ইতোমধ্যে কোন কোন প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপন করার জন্য কমিটি নির্দেশনা প্রদান করে।

বৈঠকে কমিটির সদস্য ও শিল্প মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এমপি, মনজুর এলাহী এমপি, মো. এনামুল হক এমপি এবং মাসুদ সাঈদী এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কর্পোরেশন, দপ্তর, সংস্থা, বোর্ড ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএইচ