শিল্প খাতের সুবিধা পাবে পরিবহন খাত: কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৮-২৭ ১৯:৪৮:১৮


পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন খাতকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে তারা যে সুবিধা পাবে তা অর্থ মন্ত্রণালয়কে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৭ আগস্ট) বিকেলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সড়ক পরিবহনের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন সেতুমন্ত্রী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব।
এছাড়াও বৈঠকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, পুলিশের মহাপরিদর্শক, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী, সব বিভাগীয় কমিশনার ও সব মহানগর পুলিশ কমিশনাররা অংশ নেন।
ওবায়দুল কাদের বলেন, সড়ক-মহাসড়কে ইজিবাইক, ব্যাটারিচালিত তিনচাকার যান, নসিমন, করিমন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তাই বিআরটিএ’তে নতুন করে তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসব জেলায় রোড-ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি) নেই, সেসব জেলায় আরটিসি গঠন করা হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, বাস, ট্রাকসহ সব গাড়ির বাম্পার অপসারণ করা হয়েছে। যানবাহনের ইকোনমিক লাইফ নির্ধারণে বুয়েটের সহযোগিতায় যে কাজ চলছে, তা দ্রুত শেষ করতে তাগিদ দেওয়া হবে।