নির্বাচনকালীন সময়ে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত বিজিবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৯-১০ ১৬:৪২:২০


নির্বাচনকালীন সময়ে র‌্যাব, পুলিশের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করতে বিজিবি প্রস্তুত আছে। ঐ সময় সীমান্তে ভারসাম্য রক্ষার জন্য ভারত এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে সহযোগীতা চেয়েছে বিজিবি।

সোমবার  (১০ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

মিয়ানমার ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে সাহায্য চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচনের সময় সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ আইনশঙ্খলা রক্ষা করতে দুই ভাগে ভাগ হয়ে যাবে বিজিবি। তাই সীমান্তে যাতে কোনো সমস্যা না হয় এ জন্যই দুই দেশের দুই বাহিনীর কাছে সাহায্য চাওয়া হয়েছে বলে জানান বিজিবি প্রধান।

নির্বাচনের সময় অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান যাতে না হয় সেজন্য বিজিবি গত তিন মাস ধরে কাজ করছে। নির্বাচনের মহড়া হিসেবেই বিজিবি এসব কাজ করেছে বলে জানিয়েছেন বিজিবি প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলাম।