যুগ্ম-সচিব পদে ১৫৪ কর্মকর্তার পদোন্নতি

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-০৯-২১ ১০:৫৫:০৮


গেল মাসে ১৬৩ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করার পর এবার ১৪৯ উপসচিবকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া বিদেশে বাংলাদেশ দূতাবাসে কর্মরত আরও পাঁচজনকে যুগ্মসচিব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে উপসচিব মো. তমিজুল ইসলাম খান সইকৃত পৃথক দুটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়ম অনুযায়ী, পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবদের পদায়ন করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর যুগ্ম সচিবের মোট সংখ্যা হলো ৭৬৭ জন। যুগ্ম সচিবের নিয়মিত পদের সংখ্যা ৪১১টি। গত মাসে অতিরিক্ত সচিব পদে ১৬৩ জনকে পদোন্নতি দিয়েছিল সরকার।

স্থায়ী পদ না থাকায় অনেক যুগ্ম সচিবকে নিচের পদে কাজ করতে হচ্ছে। পদোন্নতিপ্রাপ্ত বেশির ভাগ যুগ্ম সচিবকে বর্তমান কর্মস্থলেই (ইনসিটু) থাকতে হবে।

সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২-এ বলা আছে, যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।

বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপসচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

সূত্র জানায়, পদোন্নতির জন্য কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে গত এপ্রিলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবদের চিঠি দিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান। নতুন যুগ্মসচিব হওয়া এসব কর্মকর্তা বিসিএস ১৫ ও ১৭ তম ব্যাচের।