মাদক সেবন, বহন, বিপণন, মদদদাতাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১০-০৮ ১৬:২৩:২৫
মাদকদ্রব্য বহন, সেবন, বিপণন, মদদদাতা ও পৃষ্ঠপোষকতায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বছরের ২৮তম মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় এ আইনের অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো ব্যক্তি ৫ গ্রামের বেশি পরিমানে ইয়াবা বহন, সেবন, বিপণন, মদদ দেওয়া ও পৃষ্ঠপোষকতা করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যূদণ্ডের শাস্তি দেওয়া যাবে। তবে যদি এর পরিমাণ ৫ গ্রামের নিচে হয় তাহলে সর্বনিম্ন শাস্তি এক বছর এবং সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদণ্ড দেওয়া যাবে। এর সঙ্গে অর্থদন্ডেও দণ্ডিত করা যাবে। তবে এ আইনে দণ্ডিত অর্থের পরিমাণ উল্লেখ নেই বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সচিব বলেন, হেরোইন, শিশা বা কোকেনের ক্ষেত্রে ২৫ গ্রামের বেশি বহন, সেবন, বিপণন, মদদদান ও পৃষ্ঠপোষকতা করলে তার ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। যদি এর পরিমাণ ২৫ গ্রামের কম হয় তাহলে সর্বনিম্ন শাস্তি রাখা হয়েছে দুই বছর আর সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে ১০ বছর। এর সঙ্গে অর্থদণ্ডও করা যাবে।
এ আইনের ফলে ব্যাপকভাবে ব্যবসায়ীদেরও একই শাস্তির আওতায় আনা যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













