ভুল তথ্য দেয়ায় ডা. জাফরুল্লাহ’র দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১০-১৩ ১৪:০৭:২২


সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে ভুল বক্তব্য দেয়ায় দুঃখ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সেনাপ্রধানের সম্মানহানি করার কোনও চিন্তা বা উদ্দেশ্য আমার ছিল না। ভুল বক্তব্য ও শব্দ বিভ্রাটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
আজ শনিবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, জেনারেল আজিজ একজন দক্ষ আর্টিলারি সেনা কর্মকর্তা। তিনি চট্টগ্রামের সেনানিবাসের জিওসি ছিলেন না, কমান্ডডেন্টও ছিলেন না। তিনি তার কর্মজীবনের এক সময় চট্টগ্রামের সেনাছাউনিতে আর্টিলারি প্রশিক্ষক ছিলেন। কিন্তু বেসরকারি সময় টেলিভিশনের এক টকশোতে ভুলবসত আমি কিছু কথা বলেছি। তার জন্য দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, সময় টেলিভিশনের বিশেষ অনুরোধে শারীরিক দুর্বলতা নিয়েই সেদিন আমি টকশোতে অংশ নেই। সেখানে অতিথি ছিলেন, নাঈমুল ইসলাম খান ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন।
জাফরুল্লাহ বলেন, তার (আজিজ আহমেদ) বিরুদ্ধে কোর্ট মার্শাল হয়নি। ভুল বক্তব্য ও শব্দ বিভ্রাটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও মর্মাহত।
গত মঙ্গলবার রাতে ওই টকশোতে জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের পর সেনাসদর থেকে প্রতিবাদপত্র পাঠানো হয়।
সেখানে ডা. জাফরুল্লাহর সেই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন, অসত্য ও সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করা হয়। এর প্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
ডা. জাফরুল্লাহ সংবাদ সম্মেলনে আরও বলেন, আমাদের সেনাবাহিনীর গৌরবে আমি গর্বিত। মুক্তিযুদ্ধের সময় আমি সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কালাতিপাত করেছি। তাদের সুখ-দুঃখের ভাগিদার হয়েছি এবং যুদ্ধ শেষে আমিই প্রথম কুমিল্লা কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল চালু করি। পরে আমি ও ডা. আজিজুর রহমান ঢাকা কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল চালু করি।