শেয়ারবাজারকে সাপোর্ট দিতে হচ্ছে ওয়ার্কিং কমিটি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১০-২৩ ১৪:৫৮:০৫


শেয়ারবাজারকে সাপোর্ট দিতে হচ্ছে ওয়ার্কিং কমিটি। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হককে আহ্বায়ক করে বিএসইসি,ডিএসই,সিএসই,বিএমবিএ ও ডিবিএ মিলে এই কমিটি হবে।
শেয়ারবাজারের ধারাবাহিক দর পতন ঠেকাতে আজ মঙ্গলবার আইসিবিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপিস্থত ছিলেন,বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান,  আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক, ডিএসই ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক  গোলাম ফারুক, বিএমবিএ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাবেক সভাপিত ও সিএসইর পরিচালক মো. ছায়েদুর রহমান ও ডিবিএ সভাপতি মোস্তাক আহমেদ সাদেকসহ শীর্ষ ব্রোকার,মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজেমন্টের প্রতিনিধিরা।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক বলেন, আইসিবির ২ হাজার কোটি টাকার বন্ড আগামী সপ্তাহে আসবে। চেষ্টা করবো, এই টাকার সব বাজারে বিনিয়োগ করার জন্য। এর বাহিরে বাজারকে সাপোর্ট দেয়ার জন্য আমরা নতুন কিছু পণ্য আনতে কাজ করছি।
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, বাংলাদেশে রাজনৈতিক অবস্থা এমন খারাপ হয়নি যে, যার প্রভাবে বাজার এতো খারাপ হবে। আজকে এখানে যা আলোচনা হয়েছে, সে বিষয়টি আমি কমিশনে উপস্থাপন করবো।
ডিএসই ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেন, সব দেশেই নির্বাচনের আগে এমন হয়। আমরা এর বাহিরে নই। বর্তমানে ডলারের দর কমছে, বিশ্বমন্দা চলেছ। তবে বাজারে শুধু তারল্যের সমস্যা বিষয়টি সেখানেই নয়। এখানে ভালো কোম্পানির অভাব আছে। আমরা যে কমিটি করছি, তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে।
বিএমবিএ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, আইসিবির বন্ডের বিষেয় বাংলাদেশ ব্যাংক সুযোগ দিয়েছে, এটি শেয়ারবাজারের জন্য অনেক ভালো দিক। এটি দীর্ঘ মেয়াদে বাজারে ইতিবাচক প্রভাব পরবে।
ডিবিএ সভাপতি মোস্তাক আহমেদ সাদেক বলেন, আমরা আশা করছি আগামী সপ্তাহে চীনের টাকা হাতে পাবো। টাকা পেলেই আমরা বাজারে বিনিয়োগ করবো। কোন পদ্ধতিতে বিনিয়োগ করার জন্য সরকার এসআরও জারি করেব, বিষয়টি পরিস্কার করার জন্য আগামী কাল বৈঠক করবো। তিনি বলেন এটি হলো অজানা আতঙ্ক। এর কোনো কারণ নেই।
চীনা কনসোর্টিয়ামের থেকে প্রাপ্ত অর্থ দ্রুত বিনিয়োগের ব্যবস্থা করার জন্য বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আলফা ক্যাপিটাল ম্যানেজম্যান্টের ব্যবস্থাপনা পরিচালক নূর আহমেদ। যা বিনিয়োগে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে। আর বিনিয়োগকারীদেরকে স্বল্প মেয়াদির পরিবর্তে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার তাগিদ দেওয়া হয়। একইসঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রাপ্য শেয়ার শুরুতেই বিক্রয় না করার জন্য অনুরোধ করা হয়েছে।
নূর আহমেদ বলেন, সরকারি বিভিন্ন পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা আইসিবির মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের ব্যবস্থা করার জন্য অনেকে পরামর্শ দিয়েছেন। তাহলে শেয়ারবাজারে তারল্য প্রবাহ বাড়বে। আর আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ সীমা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য বলা হয়েছে।