পান্থপথে বাবার কাছে দুই শিশু ‘জিম্মি’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-০৫ ১১:২২:০৪


রাজধানীর পান্থপথের একটি বাসায় শাহবাগ থানার পুলিশ গিয়ে ভেতর থেকে বন্ধ দরজা খোলার চেষ্টা করছে। ওই বাসায় এক বাবা তাঁর দুই শিশু সন্তানকে ‘জিম্মি’ করে রেখেছেন বলে খবর শোনা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শাহবাগ থানার পুলিশ। খবরের সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেশীদের ভাষ্য, ওই ব্যক্তির নাম আখতারুজ্জামান কাজল। তিনি মাদকাসক্ত। এ কারণে তাঁকে ছেড়ে চলে গেছেন তাঁর স্ত্রী। তবে কাজলের দুই ছেলে শিশু তাঁর কাছেই আছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আজ বুধবার সকাল আটটার দিকে বাসা থেকে বের হন কাজল। বাসায় দোয়া পড়ানোর জন্য মৌলভি নিয়ে আসেন তিনি।
পরে মৌলভি কাজলের বাসা থেকে বেরিয়ে দাবি করেন, সেখানে এক শিশু সন্তানকে অচেতন অবস্থায় দেখেছেন তিনি। বিষয়টি শাহবাগ থানার পুলিশকে জানান তিনি।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় শাহবাগ থানার পুলিশ।
শাহবাগ থানা থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল পান্থপথের ওই বাসায় গেছে।
শাহবাগ থানা সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, বাসার দরজা ভেতর থেকে বন্ধ করে রাখা হয়েছে। দরজা খোলার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি প্রথম আলো।