২৪তম বাণিজ্য মেলা শুরু ৯ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৩ ০৯:১২:২০
আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হয় বাণিজ্য মেলা। তবে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে একটু পিছিয়েছে।
বাকী আছে আর এক সপ্তাহ। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগেভাগে বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো তাদের প্যাভিলিয়ন নানা কারুকাজে সাজিয়ে তুলতে কাজ করছে। নির্মাণযজ্ঞ দ্রুত শেষ করতে কয়েক দিন ধরে দিনরাত কাজ করছেন শ্রমিকরা।
সরেজমিন দেখা গেছে, মেলা প্রাঙ্গণে মূল অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন বেশিরভাগ স্টলে চলছে রঙ-তুলির কাজ। এবার মেলার প্রধান ফটকেও পরিবর্তন আনা হবে। দেশের উন্নয়নের চিত্র ফুটিয়ে তুলতে মেট্রোরেলের আদলে তৈরি করা হচ্ছে এটি। প্রবেশের জন্য এবারই প্রথম অনলাইনে মিলবে টিকিট।
আগামী ৯ জানুয়ারি বুধবার থেকে রাজধানীর শেরেবাংলা নগরের মাঠে ২৪তম মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যথারীতি মেলার আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
এবারের মেলায় গত বছরের চেয়ে ১০টি বাড়িয়ে ৫৫০ প্যাভিলিয়ন ও স্টল করা হচ্ছে। এর মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত ২০টি স্টল রয়েছে। বিদেশি প্যাভিলিয়ন ও স্টল থাকবে ৪৮টি। টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০ এবং শিশুদের জন্য ২০ টাকা।
আয়োজক কমিটির সদস্য সচিব ইপিবির পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেলা প্রাঙ্গণ লাল-সবুজের আদলে সাজবে। কেনাবেচার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও থাকবে। বিভিন্ন স্থানে সবুজ বেষ্টনী তৈরি করা হবে। এবার ৭ মার্চের গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন আরও তথ্যবহুল ও সমৃদ্ধ করা হবে। বেশ কয়েকটি শিশু পার্ক তৈরি করা হবে। গতবারের মতো ডিজিটাল টাচস্ট্ক্রিনের মাধ্যমে নির্দিষ্ট স্টল ও প্যাভিলিয়ন খুঁজে পাওয়ার ব্যবস্থা থাকবে। মোবাইল অ্যাপের মাধ্যমেও স্টল খুঁজে নিতে পারবেন দর্শনার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে সব আয়োজন শেষ হবে বলে তিনি আশাবাদী।
শেরেবাংলা নগরের মাঠে এখন বিপুল নির্মাণযজ্ঞ চোখে পড়বে যে কারও। নানা নান্দনিক কারুকাজে তৈরি করা হচ্ছে স্টল ও প্যাভিলিয়ন। প্রথম দেখায় মনে হবে, বিভিন্ন নকশার আলাদা আলাদা বাড়ি তৈরি হচ্ছে যেন। মাঠজুড়ে রয়েছে ইট, বালু, রড, সিমেন্ট, কাঠ, হার্ডবোর্ড, বৈদ্যুতিক তার, রঙসহ বিভিন্ন নির্মাণ উপকরণের স্তূপ। অনেকে আবার মেলামাঠেই এগুলো কেনাবেচা করছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














