নতুন মন্ত্রিদের নাম ঘোষণা বিকেল ৫টায়

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-০৬ ১৪:২৩:৫৪


আগামীকাল  সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার মন্ত্রীগন শপথ নেবেন। নতুন এই মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তা জানাতে আজ (রোববার) বিকেল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। মোট ২৮৮ আসনে বিজয়ী হয়েছেন এই জোটের মনোনীত প্রার্থীরা।অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোট পেয়েছে মাত্র সাতটি আসন।

জাতীয় ঐক্যফ্রন্টের এমপিরা ছাড়া গত বৃহস্পতিবার নবনির্বাচিত এমপিরা শপথ নেন।

জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন, সেভাবে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।

নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।