বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-০৬ ১৪:১৯:২৬
বকেয়া বেতন পরিশোধের ও ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে পোশাকশ্রমিকরা উত্তরায় বিমান বন্দরের সামনের সড়ক অবরোধ করে রেখেছে। রোববার সকাল ৯টার পর থেকে তারা এই সড়কে অবস্থান নেন।
বর্তমানে উত্তরা থেকে আব্দুল্লাহপুর সড়কের দুইপাশ বন্ধ রয়েছে। কোনো যানবাহন চলছে না। এমনকি ফায়ার-সার্ভিস, পুলিশসহ কোনো গাড়ি চলাচল করতে দেয়া হচ্ছে না। গুরুত্বপূর্ণ সড়কের দুইদিক বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ শুভ জানান, শ্রমিকরা ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছে। তাদের স্লোগানের একটি ছিল, ‘মালিকদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও।’
উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বলেন, ‘বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা সড়কে অবস্থান নিয়েছে। সকাল থেকে তারা বিক্ষোভ করছেন। তাদের বিক্ষোভের খবর পেয়ে উত্তরখান ও দক্ষিণখানসহ আশপাশের এলাকার পোশাকশ্রমিকরা সড়কে অবস্থান নিতে শুরু করে।’
পুলিশের বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান বলেন, ‘পুলিশ পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














