নতুন মন্ত্রীসভায় প্রধানমন্ত্রীসহ চার নারী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৬ ২৩:৫১:৫৬


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রীদের নাম প্রকাশ করেছে সরকার। তবে এবারই প্রথম শপথ গ্রহণের আগেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে যারা শপথ নেবেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। তালিকা অনুযায়ী নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী থাকছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবেন মন্ত্রিসভায় স্থান পাওয়া এই সদস্যরা। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে ব্রিফিং করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও তাদের মন্ত্রণালয় কোনটি হবে সেটি প্রকাশ করেন। এই তালিকায় রয়েছে প্রধানমন্ত্রীসহ চারজন মন্ত্রী।

প্রধানমন্ত্রী: গোপালগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতে রয়েছে ছয়টি মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর অধীনে থাকছে চার মন্ত্রণালয় ও দুই বিভাগ। সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে ২০০৯ সালে নবম সংসদ ও ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। তিনি ১৯৯৬ সালেও সপ্তম সংসদেও সংসদ নেতার ভূমিকায় ছিলেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

ডা: দীপু মনি (শিক্ষা): দীপু মনি (জন্ম: ৮ ডিসেম্বর, ১৯৬৫) একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ২০০৮ সালে আওয়ামীলীগের জয়লাভের পর বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি নিয়োগ পান। তিনি দশম সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে তিনি পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। একাদশ সংসদে মনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।

দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও পূর্ব পাকিস্তান ছাত্র লীগের প্রথম কাউন্সিল-নির্বাচিত সাধারণ সম্পাদক এম.এ ওয়াদুদের কন্যা। তিনি হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি পড়েন। এমবিবিএস ডিগ্রি লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা ও দ্বন্দ্ব নিরসন এর ওপর একটি কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।

চাঁদপুর-৩ আসনের নির্বাচিত সংসদ তিনবারের সংসদ সদস্য ডা. দীপু মনির নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়- প্রতিবেশী দেশসমূহের সাথে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীণ সময়ে তিনি কমনওয়েলথ মিনিস্ট্রেরিয়াল অ্যাকশন গ্রুপ-এর প্রথম নারী এবং দক্ষিণ এশীয় চেয়ারপার্সন নির্বাচিত হন। এছাড়া তাঁর নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র জয় করে। এতে করে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারতের সাথে প্রায় চার দশকের সমুদ্র সীমা সংক্রান্ত অমীমাংসিত বিষয়টি আন্তর্জাতিক আইনের আওতায় চূড়ান্ত ভাবে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে ।

ব্যক্তিগত জীবন: বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট তৌফীক নাওয়াজ দীপু মনি’র স্বামী। তিনি আন্তর্জাতিক একটি ল’ফার্মের প্রধান। তিনি উপমহাদেশের দু’ হাজার বছরের ঐতিহ্য মন্ডিত ধ্রুপদী সঙ্গীতের উৎস হিসেবে পরিচিত ‘আলাপ’ এর একজন শিল্পী। তাঁদের রয়েছে দু’সন্তান। পুত্র তওকীর রাশাদ নাওয়াজ ও কন্যা তানি দীপাভলী নাওয়াজ।

বেগম মন্নুজান সুফিয়ান:  তিনি খুলনা ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এর আগে বেগম মন্নুজান সুফিয়ান ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে ২০১৩ সাল পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের নির্বাচনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বেগম হাবিবুন নাহার: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার পেয়েছেন বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব। এর আগেও তিনি একবার এ আসনের এমপি ছিলেন।

সানবিডি/গিয়াস