টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-০৮ ১০:৩৬:২৩
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় সোমবার রাত সাড়ে ১২ টার দিকে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছে ।
র্যাব দাবি করেন, নিহতরা মাদক ব্যবসায়ী। ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের তিন সদস্য আহত হয়েছেন।
নিহতরা হলেন, মো. আব্দুল মতিনের ছেলে হাফেজুর রহমান(৩৫) ঢাকা সাভার নগর কুন্ডা এলাকার , ও মো. ইব্রাহিম শেখের ছেলে ছাব্বির হোসেন (২৫) বাগেরহাট জেলার বরবাড়িয়া এলাকার ।
র্যাব জানায়, সোমবার গভীর রাতে টেকনাফের দমদমিয়া এলাকার চেকপোস্টে একটি মিনি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দেয় র্যাব। কিন্তু তারা গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করে। র্যাব গাড়িটিকে ধরার চেষ্টা করলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় তারা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গাড়িটি রেখে দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে গাড়ি থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎিসক তাদের মৃত ঘোষণা করে।
টেকনাফ র্যাব-৭ ক্যাম্পের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ আলম জানান, গোলাগুলিতে দুই জন মাদক ব্যবসায়ী
নিহত হয়েছে। এ ঘটনায় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত দুই মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরোও জানান, নিহতরা টেকনাফ থেকে ইয়াবা কিনে ঢাকা যাচ্ছিল। তারা দুজনই ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














