চতুর্থ দিনেও শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৯ ১৩:৩০:৫২
চতুর্থ দিনের মতো সাভারে চলছে শ্রমিক বিক্ষোভ।শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।সেখানে সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অবস্থানরত শ্রমিকদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুরের দিকে সড়কে ফের যান চলাচল শুরু হয়।
বেতন বৈষম্যের অভিযোগে টানা তিনদিন বিক্ষোভের পর গতকাল সরকার একটি কমিটি করে দিয়েছে। সেই কমিটি এক মাসের মধ্যে বেতন বৈষম্য থাকলে তা দূরীকরণের সুপারিশ করবে।
সকালে শ্রমিকদের বিক্ষোভের মুখে সাভারের হেমায়েতপুরে ডার্ড গ্রুপ ও স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে উড়াইলে আল মুসলিম গ্রুপের কারখানা থেকে বেরিয়ে আসে শ্রমিকেরা। তখন পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১১টা দিকে সাভারের গেণ্ড এলাকায় আবার বিক্ষোভ শুরু হয়। সেখানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে।
তবে বিক্ষোভ চলাকালে আশুলিয়ায় এক শ্রমিকের মৃত্যু হয়।নিহত শ্রমিকের নাম মো. সুমন খা (৩৩)। তিনি সাভার পৌর এলাকার আনলিমা ডাইং লিমিটেডে কাজ করতেন। তার বাড়ি শেরপুর জেলার শ্রীপদী থানার কলাকান্দা গ্রামে।
শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ বুধবার ফের বিক্ষোভে নামে শ্রমিকরা।
সংঘর্ষের বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, শ্রমিকরা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করছিল। পুলিশ গিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত্ব এবং যান চলাচল স্বাভাবিক আছে।
সানবিডি/ এইচএন






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














