স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১০ ১০:২০:২২


বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের হাড়িয়াখালী খুরের মুখ এলাকার এ ঘটনায় নিহতরা  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, বুধবার বিকেলে গ্রেফতারের পর সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার ইমাম শরীফের ছেলে আব্দুর রশিদ ওরফে ডাইল্যা (৪৭) ও একই ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে আবুল কালামকে (৩৩) নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিহত দুই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। আব্দুর রশিদ ওরফে ডাইল্যার ৬টি ও আবুল কালামের বিরুদ্ধে ১০টি ইয়াবা ও মানব পাচারসহ বিভিন্ন মামলা রয়েছে।

তিনি জানান, লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য এসআই বোরহান উদ্দিন, এএসআই ফরহাদ, কনেস্টবল রিদয় আহত হন। তারা হাসাপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশের ভাষ্য মতে, বুধবার বিকেলে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোরে সাবরাং খুরের মুখ সমুদ্র সৈকত এলাকায় মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল।

পুলিশ আরও জানায়, এসময় গ্রেফতার দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশও অত্মরক্ষার্থে ৪৭ রাউন্ড পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় বন্দুক, ২২ রাউন্ড গুলি ও ২২ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।