নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রজ্ঞাপন জানুয়ারীতেই : তথ্যমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৪ ১৫:০০:০২
নতুন সরকারের মন্ত্রীসভার তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থা ও ২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির ব্যবস্থা নেওয়া হবে ।
এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগামী ২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির ব্যবস্থা গ্রহণ করব।’
সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘২৮ জানুয়ারি মধ্যে গেজেট করতে হলে এই সময়ের মধ্যে যা যা করণীয় সে বিষয়ে আলোচনা হবে। এছাড়া, আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী সাংবাদিকদের আবাসন ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়ের সমন্বয় সভায় আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গণমাধ্যম ও সাংবাদিক বান্ধব। সারাজীবন আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছে এমন সাংবাদিক তাদের প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন।’
তিনি আরও বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমি মনে করি আমার প্রধান কাজ হলো সাংবাদিক বন্ধুদের কল্যাণ সাধন করা। বাংলাদেশে অনেক ভালো সংবাদমাধ্যম নানা কারণে বন্ধের পথে, সেগুলোকে কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করা যায় সে বিষয়েও দেখা হবে। যাতে ভালো সংবাদ মাধ্যম হারিয়ে না যায় সে জন্য এরইমধ্যে আলোচনা হচ্ছে।’
হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সব সাংবাদিক চেষ্টা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে। কিন্তু দু’একজনের ভুলের জন্য কমিউনিটির বদনাম হতে পারে না। সেজন্য আমি মনে করি এ বিষয়ে সাংবাদিক ইউনিয়নের দায়িত্ব কম নয়।’
সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ অঙ্গ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘সংবাদমাধ্যমের সাথে যদি রাষ্ট্রের উন্নতিকরণের কাজ না হয়, তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আপনাদের সাথে সম্মিলিতভাবে কাজ করাই মূল লক্ষ্য আমাদের। আপনাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে আমাকে সরাসরি বলবেন।’
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পিছনে সাংবাদিকদের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখন আপনাদের সহযোগিতা আরও বেশি চাই।’
বিএফইউজের সভাপতি মোল্লা জালাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি আবু জাফর সূর্য, সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সহ সভাপতি খন্দকার মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আকতার হোসেন উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














