দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন শিল্পমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৫ ১৪:০৯:০৯
নতুন সরকারের মন্ত্রীসভার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন । গতকাল ১৪ জানুয়ারী সোমবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এর অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সবার সমবেত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের সব টার্গেট নির্ধারিত সময়ের মধ্যে অর্জন করতে হবে। সরকারি কর্মকর্তারা জনগণের শাসক নন, সেবক—এ কথাটি মনে রাখলে সব কাজ সহজে করা সম্ভব হবে। তিনি বলেন, জনগণকে দেওয়া আমাদের অঙ্গীকার পূরণ করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিল্প খাতের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃজনসহ দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে।
তিনি এ সময় চিনিশিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ক্ষমতার পূর্ণ প্রয়োগের আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের সম্পদ, দেশের সম্পদ। বন্ধ শিল্প-কারখানাগুলো চালু করতে হবে এবং এগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ব্যবস্থা নিতে হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














