আজ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২১ ১০:২২:০২
আজ সোমবার (২১ জানুয়ারি) আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক।প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ভাষণের খসড়াসহ মোট ছয়টি এজেন্ডা উত্থাপন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তাঁর ভাষণে বিভিন্ন মন্ত্রনালয়ের উন্নয়ন চিত্র তুলে ধরা হবে। আজকের বৈঠকে রাষ্ট্রপতির এই ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। আগামী ৩০ জানুয়ারি সংসদ অধিবেশন শুরু হবে।
১৮ পৃষ্ঠার খসড়া ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনীতির চিত্র, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেয়া পদক্ষেপ ও সাফল্য, রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে বিভিন্ন খাতে নেয়া কর্মসূচির রূপরেখা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন, দেশে ও বিদেশে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত সাফল্যসহ প্রশাসনিক বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির ভাষণে থাকবে বলে জানা গেছে।
এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, মনোনয়নপত্র দাখিলের পূর্বদিন পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ, অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও ইভিএম সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান সংযোজন করে গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য তোলা হচ্ছে।
এখানে উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে। গত ৭ জানুয়ারি তারুণ্য নির্ভর নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। শপথ নেওয়ার পর মন্ত্রিরা সংশ্লিষ্ট দফতরে কাজ শুরু করলেও আজই মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














