ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২১ ১৮:৩৬:৩৯
ওজন ও পরিমাপে কারচুপি, কাপড় পরিমাপে গজ কাঠির ব্যবহার ও নন স্ট্যান্ডার্ড পরিমাপক যন্ত্র (কাঠের দাড়িপাল্লা) ব্যবহারের অপরাধে ৬ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
আজ সোমবার গাজীপুর জেলার কোনাবাড়ি ও টঙ্গী এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত ৬টি প্রতিষ্ঠানের মধ্যে গাজীপুর এলাকার মেসার্স বিউটি সুইট মিট, মেসার্স মুসলিম সুইট এন্ড বেকারী এবং মেসার্স টাঙ্গাইল ভি.আই.পি সুইটস এর দই পণ্যের পাত্রে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
এছাড়াও টঙ্গী এলাকার দি টপ টেন ও মেসার্স সাকিব ফেব্রিক্স কাপড়ের দৈর্ঘ্য পরিমাপে মিটারের পরিবর্তে গজ কাঠি ব্যবহার করায় এবং মেসার্স বিসমিল্লাহ কর্পোরেশন নন স্ট্যান্ডার্ড পরিমাপক যন্ত্র (কাঠের দাড়িপাল্লা) ব্যবহারের অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে এ মামলা দায়ের করা হয়। বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এর নেতৃত্বে পরিদর্শক মোঃ রাকিবুল আলম ও মোঃ বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














