বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-২৯ ১২:৫৩:২৭


বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ উঠে এসেছে ১৩তম অবস্থানে। গত বছর যে অবস্থান ছিল ১৭ তম। ২০১৮ সালে দুর্নীতি বেশি হওয়ায় ৪ ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুর্নীতির ধারণা সূচক ২০১৮ প্রকাশ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড. ইফতেখারুজ্জামান।

টিআইবি’র প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের পরেই। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে দুই নম্বরে থাকায় তা বিব্রতকর।

টিআইবি বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। সূচক অনুযায়ী যার স্কোর ৬৮ ও অবস্থান ২৫। এরপরের অবস্থানে আছে ভারত, শ্রীলংকা, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ ও আফগানিস্তান। সূচকের স্কেলে ২০১৭ সাল থেকে বাংলাদেশের পয়েন্ট ২ কমে ২০১৮তে ১৮০টি দেশের মধ্যে অবস্থান দাঁড়িয়েছে ১৩ তম তে।