বিএসটিআই’র অভিযানে পানির জার ধ্বংস ও কারচুপির মামলা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-০৫ ১৮:০২:৩৪
বিএসটিআই’র অনুমোদন গ্রহণ না করে রাজধানীর বিভিন্ন এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের জারে ড্রিংকিং ওয়াটার বাজারজাত করায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে প্রায় ৪০০০ পানির জার ধ্বংস করা হয়।
মঙ্গলবার ৫ ফেব্রুয়ারী রাজধানীর রমনা, ফকিরের পুল, বঙ্গবাজার, মতিঝিল, কাপ্তানবাজার, নাবাবপুর, ইংলিশ রোড ও বাবুবাজার ব্রীজ সংলগ্ন এলাকাতে এবং কেরানীগঞ্জের কদমতলী ও শহীদনগর এলাকায় ভোর রাত হতে আকস্মিক অভিযান পরিচালনা করে এসব জার ধ্বংস করা হয়। পাশাপাশি জারজাতকরণে ব্যবহ্রত যন্ত্রপাতিও ধ্বংস করা হয়।
বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ঢেউটিন উৎপাদন এবং বিক্রির অপরাধে কেরানীগঞ্জের ‘বিকাশ কাটিং এন্ড করোগেটেড ইন্ডাষ্ট্রিজ’ এর বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উক্ত অভিযানকালে বিভিন্ন হোটেল, দোকানপাট এবং উপস্থিত ক্রেতা/ভোক্তাসাধারণকে সচেতনতার লক্ষ্যে অবৈধভাবে বাজারজাতকৃ জারের ড্রিংকিং ওয়াটার সংরক্ষণ ও বিক্রয় হতে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।
ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা:
বিএসটিআই কর্তৃপক্ষ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ অনুযায়ী আজ ৭ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । রাজধানীর মিরপুর এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে এ মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত ৭টি প্রতিষ্ঠানের মধ্যে পরিমাপের ক্ষেত্রে গজকাঠি ব্যবহার করায় রাজধানীর কাজী পাড়ায় মেসার্স কাসারিকা ফার্নিসিং পর্দার দোকান, মেসার্স ডি গ্যালারী পর্দার কাপড়ের দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই এলাকার মেসার্স মোহাম্মদ ডি. ফল ভান্ডার, মেসার্স বনফুল এন্ড কোং ও মিরপুর-২ এর বড়বাগ বাজার এলাকার মেসার্স হক বেকারী এন্ড সুইটস পণ্যের প্যাকেটে ওজন, মূল্য ইত্যাদি উল্লেখ না করায় তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।
তাছাড়া মিরপুর-১০ নম্বর এলাকার মেসার্স জনতা ফুডস স্টোর ও মেসার্স সাহাদাৎ হোসেন এর ফলের দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেলের বিএসটিআই’র ভেরিফিকেশন সার্টিফিকেট গ্রহণ না করায় তাদের বিরুদ্ধে একই আইনে মামলা দায়ের করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













