দুধ ও দুগ্ধজাত পণ্যের জরিপ প্রতিবেদন তৈরীর নির্দেশ হাইকোর্টের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১১ ১৫:৫৭:৫৯


রাজধানী ঢাকাসহ সারা দেশের বাজার গুলোতে কোন কোন কোম্পানির দুধ ও দুগ্ধজাত খাদ্য পণ্যে কী পরিমাণ ব্যাকটেরিয়া, কীটনাশক এবং সিসা মেশানো রয়েছে, তা পরীক্ষা করে একটি জরিপ প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে যারা  দুধে সিসা মিশ্রণ করে তাদেরকে  শাস্তির আওতায় আনার ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আগামী ১৫ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ বিষয়ে কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী মামুন মাহবুব প্রতিবেদনগুলো আদালতের নজরে আনেন । রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গত সোমবার কয়েকটি জাতীয় দৈনিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশে পুষ্টির অন্যতম প্রধান জোগান হিসেবে বিবেচিত গরুর দুধ বা দুগ্ধজাত খাদ্যে এবার মিলেছে মানুষের শরীরের জন্য ক্ষতিকর নানা উপাদান।