জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় এগিয়ে আসুন: শেখ হাসিনা
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১৭ ২০:০৩:০০
বিশ্বের ধনীদেশগুলোকে জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব মোকাবেলায় ‘সদিচ্ছা’ নিয়ে কাজ করতে আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জার্মানির মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনের একপর্যায়ে ‘ক্লাইমেট চেঞ্জ এজ এ সিকিউরিটি থ্রেট’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এই আহ্বান জানান।
আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের যথেষ্ট বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থায়ন রয়েছে। এখন প্রয়োজন সমাজের সর্বত্র ধনিক শ্রেণির সদিচ্ছা, আগ্রহ ও প্রচেষ্টা।’
শেখ হাসিনা বলেন, মানুষের স্বাভাবিক জীবনের জন্য বৈশ্বিক অব্যাহত উষ্ণতা বৃদ্ধিসহ জলবায়ুর ব্যাপক পরিবর্তন সত্যিকার এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে বিভিন্ন সময়ে সাইক্লোন, ঝড় জলোচ্ছ্বাস ও মৌসুমি বন্যা মানুষের জীবন জীবিকার জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয় কারও কোনো সন্দেহ থাকলে বাংলাদেশে এসে প্রকৃত অবস্থা দেখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিবছর বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে লাখ লাখ মানুষ পৈতৃক ভূমি ছেড়ে চলে যাচ্ছে। নদী ভাঙন, লবণাক্ত পানি ও ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের মিশ্রণের কারণে এসব ঘটছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














