ডাস্টবিনে ব্যারিস্টার সুমন, ভিডিও ভাইরাল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৮ ১৫:০০:৫০
অনিয়মের বিরুদ্ধে ‘ফেসবুক লাইভ’ আন্দোলনখ্যাত সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ব্যাক্তিগত কাজে গুলিস্তান-সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম সরণির পাশ দিয়ে যাচ্ছিলেন । যাত্রপথে সুরিটোলা বিদ্যালয়ের সামনে একটি ময়লার ডাস্টবিন দেখতে পান তিনি। নেমে পড়েন দুর্গন্ধযুক্ত সেই ময়লার ডাস্টবিনে।
‘স্কুলের বাচ্চাদের বাঁচান, বেঁচে যাবে ভবিষ্যৎ’-এই ক্যাপশনে লিখে চলে আসেন ফেসবুক লাইভে। ৩ মিনিটের সেই ফেসবুক লাইভ পোস্টটিতে এই পর্যন্ত ৮৪ হাজার জন লাইক দিয়েছেন। সেই সঙ্গে কমেন্টস পড়েছে ১০ হাজার। টাইমলাইন থেকে পোস্টটি শেয়ার করেছেন ৪২ হাজার জন।
তিনি বলেন, ‘কোনো স্কুলের ঠিক সামনে এভাবে কোনো ময়লা ডাস্টবিন থাকতে পারে না। তীব্র দুর্গন্ধের মধ্য দিয়ে শিক্ষার্থীরা এখানে কীভাবে থাকবে? শিক্ষার্থীদের এমন দুর্ভোগের কথা মাথায় রেখে আমি ডাস্টবিনে নেমে লাইভে এসেছিলাম। যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে এসে তারা ব্যবস্থা গ্রহণ করেন।’
ব্যারিস্টার সুমন দুর্গন্ধযুক্ত ডাস্টবিনে নেমে বাচ্চাদের বাঁচানোর আহ্বান জানিয়ে ফেসবুক লাইভে বলেন, ‘আমি যেখানে দাঁড়াইয়া আছি সেইটা একটা ময়লার ডাস্টবিন। সুরিটোলা বিদ্যালয়ের মেইন গেইটে যেখানে প্রায় ১৫শ’ শিক্ষার্থী লেখাপড়া করে, সেখানে এমন দুর্গন্ধযুক্ত ডাস্টবিন থাকতে পারে না। ঠিক ওভারব্রিজের নিচে স্কুলের সামনে সিটি কর্পোরেশনের ডাস্টবিন কীভাবে থাকে?’
ফেসবুক লাইভের একপর্যায়ে তিনি ওই স্কুলের শিক্ষার্থীদের ডেকে বলেন, ‘তোমাদের এখানে দুর্গন্ধ লাগে না? তোমরা চাওনা এখান থেকে এই ডাস্টবিন অপসারণ হোক?’ তখন শিক্ষার্থীরাও চিৎকার করে তার কথায় সম্মতি জানায়।
সিটি কর্পোরেশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন বলেন, ‘এসব শিক্ষার্থী বাচ্চারাই একদিন শিক্ষামন্ত্রী, মেয়র হবে। এই ডাস্টবিনের দুর্গন্ধের যন্ত্রণা থেকে এসব শিক্ষার্থীদের মুক্তি দিন। কোনো স্কুলের ঠিক সামনে এমন ডাস্টবিন থাকতে পারে না।’
প্রসঙ্গত, হবিগঞ্জের সায়েদুল হক সুমন ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করার পর ২০০৯ সালে যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। সেখানে সিটি ইউনিভার্সিটি থেকে ‘বার-অ্যাট-ল’ করেন। সুপ্রিম কোর্টের এ আইনজীবী এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আইনজীবী হলেও সুমন পরিচিতমুখ হয়ে উঠেছেন অনিয়মের বিরুদ্ধে তার ‘ফেসবুক লাইভ আন্দোলন’র মাধ্যমে।
এর আগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সুমন দেখেন নরসিংদীর শিবপুরে রাস্তার প্রায় মাঝখানে রয়েছে পল্লী বিদ্যুতের একটি খুঁটি। এ বিষয়ে ফেসবুক লাইভ করলে ২৪ ঘণ্টার মধ্যেই সেটি অপসারণ করে কর্তৃপক্ষ। পাশাপাশি এ ধরনের খুঁটি সরাতে আদালতের দ্বারস্থ হন তিনি। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি অপসারণের নির্দেশ জারি করে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














