শপথ নিলেন  ৪৯ নারী সাংসদ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২০ ১০:৫৭:৪৪


শপথ নিয়েছেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা (এমপি)। স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী বুধবার সকাল সাড়ে ১০টায় তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথ পাঠ করানো হয়। সংসদের দায়িত্বপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

প্রথমে আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নেন। এরপর জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন। পরে ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র পার্টির একজন আলাদা আলাদা ভাবে শপথ নেন।

এর আগে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর নাম উল্লেখ করে রবিবার গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী, নির্বাচিত ৪৯ সংসদ সদস্যের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্রের একজন।

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৪৯ প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।