ভারতের রাবার শিল্প সংকটের মুখে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৪ ১১:১৯:৫৪
২০১৮-১৯ মৌসুমে এখন পর্যন্ত ভারতের বাজারে প্রাকৃতিক রাবারের ব্যবহার আগের তুলনায় কমে এসেছে। একই সঙ্গে দেশটিতে কমতির দিকে রয়েছে রাবার উৎপাদনও। প্রতি বছর অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য ভারতীয় আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাবার আমদানি করেন। ২০১৮-১৯ মৌসুমে দেশটিতে পণ্যটির আমদানি আগের মৌসুমের তুলনায় কমে এসেছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে রাবার বোর্ড অব ইন্ডিয়া। সব মিলিয়ে ভারতে প্রাকৃতিক রাবারের বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সংকটের মুখে রয়েছে ভারতের রাবার শিল্প। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও ইকোনমিক টাইমস।
ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ মৌসুম শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে প্রাকৃতিক রাবারের ব্যবহার দাঁড়িয়েছে ৫ লাখ ১১ হাজার টনে। আগের মৌসুমের একই সময়ে দেশটিতে মোট ১১ লাখ ১২ হাজার টন রাবার ব্যবহার হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে প্রাকৃতিক রাবারের ব্যবহার কমেছে ৬ লাখ ১ হাজার টন।
একই সময়ে ভারতে সাকল্যে ২ লাখ ১২ হাজার টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছে। আগের মৌসুমের একই সময়ে দেশটিতে মোট ৬ লাখ ৯৪ হাজার টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছিল। উৎপাদনের পাশাপাশি ভারতে প্রাকৃতিক রাবার আমদানিতেও মন্দাভাব বজায় রয়েছে। ২০১৮-১৯ মৌসুমে এখন পর্যন্ত ভারতীয় আমদানিকারকরা সব মিলিয়ে ২ লাখ ২০ হাজার টন প্রাকৃতিক রাবার আমদানি করেছেন। আগের মৌসুমের একই সময়ে দেশটিতে মোট ৪ লাখ ৭০ হাজার টন প্রাকৃতিক রাবার আমদানি হয়েছিল। অর্থাৎ, বছরান্তে ভারতের বাজারে পণ্যটির আমদানি ২ লাখ ৫০ হাজার টন কমেছে।
উৎপাদন, ব্যবহার ও আমদানি কমতির দিকে থাকায় ভারতের রাবার শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত রাবার বোর্ড। প্রতিষ্ঠানটির মতে, উৎপাদন ও আমদানিতে বিদ্যমান ভারসাম্যহীনতা ভারতের বাজারে পণ্যটির দাম বাড়িয়ে দিতে পারে। ফলে রাবার শিল্প ভারত থেকে অন্য দেশে স্থানান্তর হয়ে যেতে পারে। এতে ভারতের বাজারে প্রাকৃতিক রাবারের ব্যবহার আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













