চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ নিতে হাসপাতালে স্পিকার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৪ ১৭:৩০:১৪
রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ।
রোববার ২৪ ফেব্রুয়ারী দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান ড. শিরীন শারমিন চৌধুরী । এসময় তিনি চিকিৎসক, রোগী ও রোগীর আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে বার্ন ইউনিটের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, চকবাজারের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি শোক জানাতে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হবে।
স্পিকার শিরীন শারমিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তবে তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার সার্বক্ষণিক দৃষ্টি রেখেছেন।
এ সময় স্পিকারের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ও বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬৭ জনের প্রাণহানিসহ বিপুল সম্পদহানি ঘটে। আহত হন আরও প্রায় ৪২ জন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














