স্মৃতির পাতায় পিলখানা হত্যার সেই দিন!

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-২৫ ১৩:৪৩:২০


সময়টা ২০০৯ সালের ২৫ শে ফেব্রুয়ারি। মধ্যদুপুর। কামরাঙ্গীরচর থেকে মোহাম্মদপুর যাবো। বাসের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ লোকমুখে শোরগোল, সবাই গুলির শব্দ শুনেছে। একজন অন্যজনকে বলছিল আমিও শুনেছি। সবার কথায় আমিও কান পাতি বাতাসে। চার পাঁচটা শব্দ আমার কানেও বারি খায়। সবাই উল্টো দিকে ছুটে চলছে, সেকশন থেকে সদর ঘাটের দিক। দোকানপাট বন্ধ হয়ে গেল মুহূর্তেই। তখনও আমি দাঁড়িয়ে আছি।

ছোট আমি খুব বেশি বুঝে উঠতে পারিনি কি হচ্ছে । মানুষ জন ছোটাছুটি করছে সবার মুখে মুখে পিলখানায় গুলি। কিছু মহিলাকে বলতে শোনা গেল আহারে কার মায়ের সন্তান, গুলি করছে, মাইরা ফালাইছে। তখন আর আমি দাড়িয়ে নেই। মানুষের স্রোতে আমিও ছুটে চলছি উল্টোপথে কেল্লার মোড়ের দিকে।

ড্রেনের নল দিয়ে  নদীতে নামছে লাল কালরের পানি। সবাই ড্রেনের মুখে দাঁড়িয়ে আর্তনাদ করছে।গুলির শব্দে প্রকম্পিত পুরো এলাকা। রাস্তার কুকুরটিও যেন তার বাকশক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ একজন বলে উঠল ‘লাশ লাশ’ মানুষ ড্রেনের কিনারে ছুটে গেল। হ্যাঁ সত্যিই লাশ । পড়োনে সবুজ ছাপার খাকি প্যান্ট। শরিরে সাদা গেন্জি। বুকে দিয়ে এখনো গলগল করে রক্ত বের হচ্ছে। হ্যা এটা সেনাবাহিনীর  লাশ।এরপর লাশের পরে লাশ ভেসে আসতে থাকে ড্রেনে নল দিয়ে।নিস্তব্ধ পুরো এলাকায় মাঝেমধ্যে কিছু মানুষের ফুপিয়ে  কান্নার আওয়াজ ভেসে আসে।

দশ বছর আগে ঠিক এই দিনে ঘটে যাওয়া এই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমার মত কোটি মানুষ। সেদিন দেশ হারিয়েছিল দেশের ৫৭জন সূর্যসেনা।আর একঝাক তরুণ ‘বিডিআর’। যে ক্ষতি  কোনদিন পূরণ করা সম্ভব নয়।

স্বচক্ষে দেখা এ আমার ছোটবেলার পিলখানা হত্যা। আজ থেকে ১০ বছর আগের সেই দিনে আর আজকের এই দিনে, এখনো আমার ভেতর আতঙ্ক আর নীরবতা। কোথায় কি হচ্ছে, কোথায় হয়েছিল?।  কেন হচ্ছে, কেন হয়েছিল?। কারা করেছে, কারা করেছিল?। আজও তার মেলেনি উত্তর।