পুরান ঢাকায় কেমিক্যাল আমদানি বন্ধ হোক: এনবিআর
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৬ ১৬:২৭:২১
সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভয়াবহ ওই ঘটনার পর পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরাতেই এ ধরনের উদ্যোগের কথা বলছে সংস্থাটি।
মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারী সদ্য সমাপ্ত হওয়া বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সরকার চাইলে আমরা পুরান ঢাকার ঠিকানায় কেমিক্যাল আমদানি বন্ধ করতে পারি। ব্যাংকগুলো যদি ওই ঠিকানায় এলসি বন্ধ করে এবং এনবিআর আমদানির অনুমোদন না দেয় তাহলে তারা সরে যেতে বাধ্য হবে।
তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব থাকার সময় পুরান ঢাকার কেমিক্যাল সরাতে মুন্সিগঞ্জে একটি শিল্পনগরী করার সিন্ধান্ত হয়েছিল। বিসিকের উদ্যোগে সেখানে শিল্পনগরীর প্লট তৈরির প্রক্রিয়া চলছে।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, এনবিআর সদস্য শাহনাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কাস্টমস ঢাকা পশ্চিমের কমিশনার ড. মইনুল খান।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬৭ জন নিহত হয়। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও আরও দুজন মারা গেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














