ঢাকা উত্তর-দক্ষিন সিটিতে কাল ভোট
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-২৭ ১১:২৫:৫৫
সফল দাপুটে মেয়র আনিসুল হকের অকাল মৃত্যুর পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদকি টি শূন্য হয়ে পড়ে। দীর্ঘদিন শূন্য থাকার পর আগামী কাল ২৮শে ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে দুই সিটিতে সাধারণ ছুটিৗ ঘোষণা করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।
ঢাকা উত্তরের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে, এনপিপির আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম টেবিল ঘড়ি প্রতীক নিয়ে এবং পিডিপির শাহীন খান বাঘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর এবং দক্ষিণ সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ড ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে সাধারণ নির্বাচন হবে বৃহস্পতিবার।
এছাড়া ঢাকা উত্তর সিটির ৯ ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ৯ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ভোটের আর প্রয়োজন হচ্ছে না।
ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, ঢাকার দুই সিটির নির্বাচন উপলক্ষে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা যন্ত্রচালিত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে সিটি কর্পোরেশনের আওতাধীন মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা ও মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং প্রধান প্রধান সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
কর্মকর্তা আরও জানান, ইসির অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














