পিআইবি মহাপরিচালকের দাফন উত্তরায়

:: আপডেট: ২০১৯-০২-২৮ ১৪:০০:৩৩


বেলা আড়াইটার দিকে পিআইবি মহাপরিচালক শাহ আলমগীরের কর্মক্ষেত্র পিআইবিতে দ্বিতীয় জানাজা হবে। বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর তৃতীয় জানাজার পর বিকেল ৪টায় উত্তরা ১১ নম্বরের সেক্টরের মসজিদে তাঁর চতুর্থ জানাজা হবে। এরপর বিকেল ৫টায় উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ  সকালে লাইফ সাপোর্টে রাখা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশিষ্ট এ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ছাড়াও দেশবরেণ্য সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

গতকাল (বুধবার) তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও আজ (বৃহস্পতিবার) সকালে অবনতি হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শাহ আলমগীরের বয়স হয়েছিল ৬২ বছর। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াসহ ডায়াবেটিস ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি হন পিআইবির মহাপরিচালক। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং তার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

সান বিডি/আরএম