রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হলে ভূ-রাজনৈতিক হুমকির আশঙ্কা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৮ ১৮:২৮:১৩
মিয়ানমার রাখাইন থেকে বাস্তচ্যূত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হলে শুধু বাংলাদেশ নয়, বরং এ অঞ্চলের দেশগুলি ভূ-রাজনৈতিকভাবে হুমকির মুখে পড়বে। তাই অবিলম্বে গুরুতর এই সংকট নিরসনে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক মহলকে আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
জাতিসংঘে ‘আন্তর্জাতিক অভিবাসন ও উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় পররাষ্ট্র সচিব এম শহীদুল এসব কথা বলেন। বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র সচিব রোহিঙ্গা ইস্যু, অভিবাসন, মানবপাচার, অনিয়মিত অভিবাসনসহ বেশ কয়েকটি বিষয় তুলে ধরার পাশাপাশি অভিবাসন জটিলতায় বাংলাদেশের বিভিন্ন সমস্যা ও সমাধানের গুরত্বও আন্তর্জাতিক মহলকে অভিহিত করেন।
জাতিসংঘে নিযুক্ত স্পেনের স্থায়ী প্রতিনিধি প্রতিনিধি আগুস্তিন সান্তোসের পরিচালনায় আইওএম এর মহাপরিচালক অ্যান্তোনিও ভিতোরিনো, জাতিসংঘে নিযুক্ত আয়ারল্যান্ডের স্থায়ী প্রতিনিধিসহ সভায় উপস্থিত সবাই রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেন।
জাতিসংঘের এই আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন জাতিসংঘের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল সংক্রান্ত অর্থনৈতিক কমিশনের নির্বাহী সচিব অ্যালিসিয়া বার্সেনা, ইউরোপীয় কমিশনের সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মহাপরিচালক হেনরি এটি গেইজার, আন্তর্জাতিক মালিক সংস্থার (আইওই) মহাসচিব রবার্তো সুয়ারেজ-সান্তোস।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














