যারা সমালোচনা করেন, ২০০১ সালে ভোটারশূন্য নির্বাচন হয়েছিল : কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০১ ১৩:১৬:৫২


ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন নিয়ে সমালোচনা করেন, তাদের ভোট ছাড়াই ২০০১ সালে ঢাকা সিটির মেয়র হয়েছিলেন সাদেক হোসেন খোকা। তখন তো একেবারেই ভোটারশূন্য নির্বাচন হয়েছিল। সে মেয়র নির্দিষ্ট সময়ের চেয়ে আরও তিন বছর বেশি সময় ক্ষমতায় ছিলেন। তাই এসব বিষয় সেভাবে না দেখে সামগ্রিকভাবে নির্বাচনটিকে দেখতে হবে।

শুক্রবার (১ মার্চ) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র থাকতে হবে, সংবিধানও চলবে। নিয়ম-কানুন তো জলাঞ্জলি দেওয়া যাবে না। নির্বাচন বন্ধ থাকার চেয়ে নির্বাচনটি হয়েছে। বিএনপিকে এখানে জোর করে কেউ সরিয়ে দেয়নি। তারা নিজেরাই নির্বাচনে আসেনি। তারা না এসে সমালোচনা করলে তো হবে না।

কাদের আরও বলেন, সবচেয়ে বড় কথা হলো— আমরা কাউন্সিলর পদে নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম। এতে করে হানাহানি হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। নির্বাচনটি মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। এখানে বড় একটি দল অংশ নেয়নি। তাছাড়া বৈরী আবহাওয়া ছিল। সবমিলিয়ে বিবেচনা করতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন করে যুক্ত হওয়া ১৮টি করে ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন এবং ঢাকা উত্তর সিটিতে মেয়দ পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরের মেয়দ পদে উপনির্বাচনে ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

ঢাকা উত্তর সিটির মেয়র পদে নির্বাচনে ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯ লাখ ২৩ হাজার ২৬ ভোট। এর মধ্যে বিভিন্ন কারণে ১৯ হাজার ৫১৩টি বাতিল করা হয়েছে। ভোট পড়ার হার ৩১ দশমিক ০৫ শতাংশ।