বাংলাদেশ-ভারত যৌথ সেনা অনুশীলন শুরু

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-০২ ১১:১৯:২৭


আজ শনিবার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় সেনাদের যৌথ অনুশীলন সম্প্রীতি-৮। যৌথ এই সেনা অনুশীলন চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে এ অনুশীলন অনুষ্ঠিত হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের যৌথ সেনা  অনুশীলনের মূল প্রতিপাদ্য ‘সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি’।

এ অনুশীলনে ভারত ও বাংলাদেশের ৩০ জন অফিসারসহ সর্বমোট ১৭০ জনের একটি করে দল অংশগ্রহণ করবে।

বিগত ২০১০ সাল থেকে এক বছর পর পর পর্যায়ক্রমে ভারত ও বাংলাদেশ অনুষ্ঠিত হচ্ছে এ অনুশীলন। এরই ধারাবাহিকতায় এ বছর ভারতীয় সেনাবাহিনীর দলটি বাংলাদেশে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-বাংলাদেশের যৌথ সেনা  অনুশীলনের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে।