পরিস্কার-পরিচ্ছন্ন ঢাকা দেখতে চান প্রধানমন্ত্রী: মেয়র আতিকুল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৭ ১৮:৩৬:৪১
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, তিনি রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন দেখতে চান। আমাদের প্রতি তিনি কী র্বাতা দিয়েছেনর সেটা আমরা বুঝতে পেরেছি। সবাইকে সঙ্গে নিয়ে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলবো।’
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘ কোন কাজে প্রথম বলে কিছু নেই। তবু রাজধানীতে যানজট একটি বিড়াট সমস্যা। এই যানজট নিরসনের জন্য আমি কাজ করবো। আনিস ভাই (প্রয়াত মেয়র আনিসুল হক) ছয়টি রুটের বাস কোম্পানি নিয়ে কাজ করছিলেন। এই প্রকল্পটি এখন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র দেখছেন। আমি খুব শিগগিরই তার সঙ্গে এ নিয়ে আলোচনা করবো এবং রাজধানী ঢাকা যেন একটি যানজটমুক্ত শহর হয়, সেজন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।’
নতুন মেয়র আরও বলেন, ‘ঢাকার আরো বেশ কিছু সমস্যা রয়েছে যেমন, অনেকে আমাকে মশার উপদ্রবের কথা বলেছেন। এছাড়া বর্ষাকালে জলাবদ্ধতা, যানজট, মাদক ও সন্ত্রাস এমন অনেক সমস্যা আছে। আমি রবিবার (১০ মার্চ) প্রথম অফিস করবো। তারপর খুব দ্রুত সবাইকে সঙ্গে নিয়ে বসবো যেন বর্ষাকালের আগে কিছু কাজ করা যায়।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জামাল মোস্তফা, উপ-নির্বাচনে বিজয়ী দুই কাউন্সিলর এবং ডিএনসিসি ও ডিএসসিসির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনে বিজয়ী কাউন্সিলররা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














