খালেদা জিয়া হাসপাতালে যেতে রাজি নন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৩-১০ ১৩:৩০:১৭


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যেতে রাজি হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির এ তথ্য জানিয়েছেন।

এর আগে, রোববার (১০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে যান সিনিয়র জেল সুপার ইকবাল কবিরসহ মেডিকেল টিম। পরে পৌনে ১টার দিকে কারাগার থেকে বেরিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সিনিয়র জেল সুপার বলেন, ‘উনি যাবেন না।’

এদিকে চকবাজার থানার ওসি শামীম অর রশীদ তালুকদার  বলেন, ‘খালেদা জিয়াকে হাসপাতালে পাঠানোর যাবতীয় প্রস্তুতি সকাল থেকে নেওয়া ছিল। কিন্তু রেজাল্ট নেগেটিভ। উনি বিএসএমএমইউতে যেতে রাজি হননি।’

রোববার (১০ মার্চ) সকালে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানিয়েছিলেন, স্বাস্থ্যপরীক্ষার জন্য খালেদা জিয়াকে দুপুরে হাসপাতালে নেওয়া হবে।