প্রয়োজনে কামলা হিসেবে কাজ করতে চাই : মেয়র আতিকুল

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-১০ ১৯:০৫:৩৩


নগরবাসীকে সেবা দিতে প্রয়োজন হলে সব ধরণের প্রটৌকল ভেঙ্গে কামলা দিতে চাই বলে মন্তব্য করেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববার (১০ মার্চ) বিকেলে গুলশানে নগর ভবনে মেয়র হিসেবে প্রথম কার্যদিবসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে সকালে মেয়র প্রথম দিনের মতো নগর ভবনে যান। মেয়র হিসেবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির প্রত্যেকটি দোকানে একটি করে ময়লার ঝুড়ি এবং দুটি করে ফুল-ফল টব রাখতে হবে। অনুরোধ এবং নির্দেশনা অনুযায়ী এ কাজগুলো যারা করবে তাদের সম্মাননা অন্যথায় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি যারা বাসার ছাদে, বেলকুনিতে বাগান করবেন তাদের কর অবকাশ সুবিধা দেয়া হবে।

তিনি বলেন, একজন মেয়রের অনেক  দায়িত্ব  রয়েছে, তবে সেগুলো স্বল্প ও দীর্ঘমেয়াদি বিবেচনায় বাস্তবায়ন করা হবে। বেশি ভোগান্তির সমস্যাগুলো দ্রুত সমাধানে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তবে নগরের অন্যতম সমস্যা জলাবদ্ধতা দ্রুত সমাধান সম্ভব নয়। তবে এটি যেন সহনীয় মাত্রায় থাকে সেজন্য প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে।

মেয়র বলেন, ১৭ মার্চ ডিএনসিসির পাঁচটি অঞ্চলে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন ‘লাভ ঢাকা’ শুরু হবে। বর্জ্য বোঝা নয়, সম্পদে পরিণত করতে কাজ শুরু করা হবে। এছাড়া নগরবাসী সমস্যা জানতে হটলাইন চালু করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।