৭৭৭ উড়োজাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৩-১১ ১২:০৬:৫৭


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাস-৮ উড়োজাহাজকে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িংয়ের।

৭৭৭ উড়োজাহাজের ধাক্কায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাস-৮ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগ সূত্র এ ঘটনার নিশ্চিত করেছেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাক কামরুল ইসলাম সকালে  জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাস-৮ উড়োজাহাজ পার্কিং করা ছিল।

এসময় জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭৭ উড়োজাহাজটি রানওয়েতে এলে দাঁড়িয়ে থাকা ইউএস-বাংলার বিমানটিকে ধাক্কা দেয়।

বিমানটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়েও যায় বলে জানান তিনি।

তিনি বলেন, বেশকিছুক্ষণ পর যাত্রীবাহী ৭৭৭ উড়োজাহাজটি ফের শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ও এই দুঘর্টনার পর বিমানটির নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখে।

এরপর বিমানটি আবার আকাশে ওড়ে বলে জানান তিনি।

এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি ক্ষতিগ্রস্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্ষতির পরিমান জানতে তদন্ত করছে শাহজালাল বিমান কর্তৃপক্ষ। তদন্ত রিপোর্ট এখনও তাদের হাতে আসেনি বলে জানান তিনি।