সচেতন বিনিয়োগে আর্থিক শিক্ষা অপরিহার্য
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৬ ১২:২৮:৩৩
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো: মাহবুবুল আলম বলেন, সচেতন বিনিয়োগে উৎসাহিত করার জন্য বিনিয়োগকারীদের আর্থিক শিক্ষা অপরিহার্য। কিন্তু অধিকাংশ বিনিয়োগকারী বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হওয়ায় তারা গুজবের ভিত্তিতে পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকে।
সোমবার দুপুরে আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহবুবুল আলম বলেন, অধিকাংশ বিনিয়োগকারী নিজের আর্থিক অবস্থা এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্যাদি বিশ্লেষন না করে অন্যের দ্বারা প্ররোচিত হয়ে বা লোক মুখে বিভিন্ন ধরনের গুজবের ভিত্তিতে বিনিয়োগ করে। তারা কোম্পানির আর্থিক বিবরণী এবং অন্যান্য তথ্যাদিও সঠিকভাবে বিশ্লেষন করতে পারে না। যেহেতু তারা গুজব, ধারনা এবং আবেগের ভিত্তিতে বিনিয়োগ করে। এর ফলে বাজারে তথ্যের অসামঞ্জস্যতা বৃদ্ধি পায়। এসব বিনিয়োগকারী অনেক সময় বড় বিনিয়োগকারীদের অনুসরণ করে থাক। ফলে বাজারে কারসাজির সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।
তিনি আরো বলেন, সঠিক বিনিয়োগ শিক্ষা থেকে বঞ্চিত বিনিয়োগকারীরা গুজব, সংস্কার এবং আবেগের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে শুধু নিজের ভবিষ্যত বিপন্ন করে তা নয়, তাদের কার্যক্রমে পুঁজিবাজার তথা দেশের অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়ে।
আগামি ২৮ মার্চ ঢাকায় এবং ৩০ মার্চ চট্টগ্রামে বিভাগীয় কনফারেন্স হবে। ঢাকায় প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ও চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













